| ছবি: সংগ্রহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বাজারে থাকা অতিরিক্ত ডলারের তারল্য তুলে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ জুন) নিলামের মাধ্যমে ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ১০১ মিলিয়ন ডলার ক্রয় করেছে। আর সব মিলিয়ে চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলারে। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসী আয়ের (রেমিট্যান্স) শক্তিশালী প্রবাহের কারণে বর্তমানে বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে। এ সুযোগে রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় অব্যাহত রেখেছে। সম্প্রতি দেশে রেমিট্যান্সের প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত মে মাসে প্রবাসীরা রেকর্ড ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ দেশের সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনছে এবং রিজার্ভের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।