| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে আলোচিত তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার একমাসপর মোহাম্মদ ফারুক (২৪) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে চট্টগ্রামের রাউজান পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। গ্রেপ্তারকৃত ফারুক রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার আজিজুল হকের ছেলে। সে ধর্ষণের ঘটনার জড়িত ৩ নম্বর আসামী। পুলিশ জানায়, চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর অভিযুক্তরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদে অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেপ্তার করেন। গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে আবু তাহেরের মুদির দোকানে আটকে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানাজানি হলে আসামীদের গ্রেপ্তারের দাবীতে এলাকায় স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন বিক্ষোভ ও মানববন্ধন করেন। ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’