প্রকাশ :: ... | ... | ...

খবর দিলেও আসেনি ফায়ার সার্ভিস, স্থানীয়দের ক্ষোভ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারার উত্তর গুয়াপঞ্চকে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি বৈদ্যুতিক মিটার ও একটি মোটরসাইকেল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক মাহমুদ সওদাগরের ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনের সিড়ি রুমে আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মুল ফটকে বৈদ্যুতিক ১৫টি মিটার ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রবেশপথে আটকে পড়েন নারী-পুরুষসহ শিশুরা। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় আটকে পড়াদের। স্থানীয়রা একাধিকবার যোগাযোগ করারপরও ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় বাসিন্দা ও ভবনের ভাড়াটিয়া মোহাম্মদ ইসমাইল অভিযোগ করে বলেন, ‘ভবনটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এখানে একটি মাত্র সিঁড়ি ছাড়া আর কোনো জরুরি বহির্গমনের ব্যবস্থাও রাখেনি। আগুনে ভবনের ছাদে বাচ্চাদের নিয়ে আটকে পড়ার বিষয়ে ফায়ার সার্ভিসকে আমরা একাধিকবার জানানোর পরও তারা আসেনি। এছাড়াও বাড়ির মালিক কিভাবে উপজেলা প্ল্যান অনুমোদন পেয়েছেন তাও তদন্তের দাবী জানাচ্ছি। এখানে আমরা নিরাপদ বোধ করছি না।’ এবিষয়ে জানতে চাইলে ভবনের মালিক মাহমুদ সওদাগর বলেন, আগুনের খবরটি ফায়ার সার্ভিস আনোয়ারাকে জানানোরপরও তারা কোনো সহযোগিতা করেনি। দায়িত্বে অবহেলা ও দুর্ঘটনাস্থলে এসে সেবা না দেওয়ার এমন কাণ্ড ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে মানুষ আশা করে না। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি ফোন করে জানান আগুন নিভে গেছে। তারপরও আমরা চাতরী এলাকা থেকে ফিরে আসি।