| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াঙ পাহাড় ঘেরা বটতলীতে অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ্ মোহছেন আউলিয়া রহ. ওরশ শরীফ। ওরশ উপলক্ষ করে প্রতিবছর মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয়েছেন দরবারে। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ। ওরশ উপলক্ষে দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়। রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। দরবারের বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির, সেমা ও আখেরি মোনাজাত। সকালে হযরত শাহ্ মোহছেন আউলিয়া রহ. রওজা শরিফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ওরশ পরিচালনা কমিটি ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ থেকে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা কাজ করেছেন। হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) সুদূর প্রাচীন আরব (ইয়েমেন) থেকে সমুদ্রপথে চট্টগ্রামে আগমন করেছিলেন। তাঁর মামা হজরত বদর আউলিয়া (রহ.)-এর সঙ্গী হয়ে প্রায় ৬০০ থেকে ৭০০ বছর আগে তিনি বর্তমান চট্টগ্রামের আনোয়ারা অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। তাঁর আধ্যাত্মিক দীক্ষায় মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।