| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে বাসা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার সৈয়দ কুচাইয়া এলাকার শামশুল আলমের বিল্ডিংয়ের নিচ থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ আবু হানিফ (২৪) পেশায় একজন চাকরিজীবী। তিনি স্থানীয় কোডেক (এনজিও) সংস্থায় কর্মরত আছেন। কাজের প্রয়োজনে তিনি ওই এলাকার শামশুল আলমের বিল্ডিংয়ে ভাড়া থাকেন। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও আবু হানিফ তার ব্যবহৃত হিরো মডেলের মোটরসাইকেলটি নিজ বাসার নিচে পার্কিং করে রাখেন। মোটরসাইকেলটি নতুন কেনায় এখনো সরকারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, নিচে রাখা মোটরসাইকেলটি নেই। পরবর্তীতে বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ যাচাই করতে গিয়ে দেখা যায়, রাত আনুমানিক তিনটার দিকে মুখ ঢাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুজন ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ভুক্তভোগী আবু হানিফ বুধবার আনোয়ারা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।