প্রকাশ :: ... | ... | ...

আনোয়ারায় নিরাপত্তাপ্রহরীর গোয়ালঘর কেটে ৩টি গরু চুরি


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারায় এক নিরাপত্তাপ্রহরীর গোয়ালঘরের দরজা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে একটি চোরচক্র। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বক্স আলী ফৌজদার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গবাদিপশুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। সংসার চালানোর শেষ সম্বলটুকু হারিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন পুরোপুরি দিশেহারা। এঘটনা বুধবার (২৪ জুন) বিকেলে ভুক্তভোগী মোহাম্মদ হোসেন বাদী হয়ে আনোয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ষাটোর্ধ্ব মোহাম্মদ হোসেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) আনোয়ারা শাখার একটি এটিএম বুথে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন বৃদ্ধ মোহাম্মদ হোসেন। একটু বাড়তি আয়ের আশায় এবং সংসারে সচ্ছলতা ফেরাতে স্ত্রীসহ মিলে দিনরাত পরিশ্রম করে তিনটি গরু লালন-পালন করছিলেন। কিন্তু এক রাতের ব্যবধানে চোরচক্র তাঁর সেই বেঁচে থাকার স্বপ্ন ও শেষ অবলম্বনটুকু কেড়ে নিল। লিখিত অভিযোগসূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা সুপরিকল্পিতভাবে মোহাম্মদ হোসেনের গোয়ালঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি গাভী ও একটি ষাঁড় নিয়ে চম্পট দেয়। আজ ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর খোলা ও খালি দেখে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় আশপাশের বিভিন্ন এলাকায় দিনভর খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী মোহাম্মদ হোসেন বলেন, ‘বেতনের সামান্য টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তাই অবসরে নিজে এবং বাকিটা সময় স্ত্রী মিলে গরুগুলো পালতাম। চোরেরা আমার সব শেষ করে দিল। কিছুদিন আগে আমার অন্য একটা গরুও অসুখ হয়ে মারা গেছে। এখন আমি কীভাবে বাঁচব, মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গবাদিপশু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করা এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশ ইতিমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।’