চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কাছে টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। দুইজনই উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কিছু সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়েন। দুর্ঘটনায় আহত পথচারী কহিনুর আক্তার বলেন, ‘আমি দোকানে বসে চা ও নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস এসে দোকানের ভেতর ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতর চলে আসে এবং সেগুলো দুমড়েমুচড়ে যায়। আমি মাথায় ও পেটে প্রচণ্ড আঘাত পেয়েছি।’ আরেক আহত পোশাকশ্রমিক দিদারুল আলম (৩৫) বলেন, ‘ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায়।’ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কাছে এই পর্যন্ত ১০ জন আহতের তথ্য রয়েছে। এছাড়া হাসপাতাল আনার পরে দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার কাজে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।' আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত রোগীর সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আমরা তথ্য সংগ্রহ করছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।' পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।