প্রকাশ :: ... | ... | ...

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ফুটেজ যাচাইয়ের দাবি


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. আজম খাঁন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় সাংবাদিক সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজম খাঁন আনোয়ারা উপজেলা যুবদলের সংগঠক ও উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, চাতরী চৌমুহনী বাজারের ব্যবসায়ী মৌলানা মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ ওসমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খাঁন বলেন, গত ৫ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে আনোয়ারা মেডিকেলে গিয়ে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে গত ৯ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি আনোয়ারা মেডিকেলে অবস্থান করছিলেন। এ সময় আনোয়ারা থানার এসআই মুবিন এবং হাজী এ আলী শপিং কমপ্লেক্সের দুজন ব্যবসায়ী তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই ঘটনার সত্যতা প্রমাণিত হবে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় দুই মাস কারাবন্দি ছিলেন। এলাকায় চাঁদাবাজ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এই মামলা দিয়েছে। তিনি এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।