| ছবি: দৈনিক দেশের কথা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন খান মিল্টন (৫৩) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার ও সহকর্মীরা নিশ্চিত করেছেন। তিনি উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার মৃত আবুল বশর মাষ্টারের পুত্র। তাঁর সংসারে স্ত্রী ও ২ পুত্র সন্তান রয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাত আটটার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, 'শনিবার সকাল সাতটার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে পরিবারের স্বজনরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটটার দিকে মারা যান তিনি।' চিকিৎসকদের বরাতে ইকবাল হায়দার চৌধুরী জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। সামাজিক ও কর্মী বান্ধব ছিলো। তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।