প্রকাশ :: ... | ... | ...

অর্থনীতিতে বড় উল্লম্ফন, আয় ৩ হাজার ডলার


সংযুক্ত ছবি

| ছবি: আশফাক উল হক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা মার্কিন ডলারের হিসাবে ৩ হাজার ২০ ডলার। সোমবার (১০ জুন) প্রকাশিত এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও ইতিবাচক ধারা দেখা গেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। অর্থনীতির সামগ্রিক আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি অর্থবছরে প্রচলিত বাজার মূল্যে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। আগের অর্থবছরে অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। বিবিএসের প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় রয়েছে। মাথাপিছু আয়ের ৩ হাজার ডলার অতিক্রম করাও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অর্থনীতিবিদদের মতে, আয় ও জিডিপির পরিসংখ্যানগত উন্নতি ইতিবাচক হলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষের জীবনমান, কর্মসংস্থান এবং ক্রয়ক্ষমতার ওপর। প্রবৃদ্ধির সুফল কতটা প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেটিই আগামী দিনে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যায়নের বিষয় হয়ে উঠবে।