| ছবি: আজিজুর রহমান রাজু
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে উদ্ধার হওয়া তিনটি অবিস্ফোরিত মর্টারশেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খোলা মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এগুলো ধ্বংস করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ সদস্যের বিশেষজ্ঞ বোম্ব ডিসপোজাল ইউনিট এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের সার্বিক সহযোগিতা করে ঈদগাঁও থানা-পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজুমদার জানান, উদ্ধার হওয়া মর্টারশেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোথাও কোনো বোমা বা বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। এর আগে গত ১৮ মে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকার নুরুল আজিমের বসতভিটার পাশে পরিত্যক্ত অবস্থায় তিনটি মর্টারশেল পাওয়া যায়। খবর পেয়ে ২১ মে ঈদগাঁও থানা-পুলিশ ও অস্থায়ী সেনাক্যাম্পের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিশেষজ্ঞ দল পৌঁছানো পর্যন্ত সম্ভাব্য ঝুঁকি এড়াতে মর্টারশেলগুলো গ্রাম পুলিশের কড়া পাহারায় সংরক্ষণ করা হয়। দীর্ঘ ১৭ দিন পর বিশেষজ্ঞ দলের সফল অভিযানে মর্টারশেলগুলো ধ্বংস হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।