প্রকাশ :: ... | ... | ...

মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল ঈদগাঁও ‎ডা. ইউছুফ আলীকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


সংযুক্ত ছবি

| ছবি: আজিজুর রহমান রাজু

কক্সবাজারের ঈদগাঁও যেন এক প্রতিবাদের মঞ্চে পরিণত হলো। মানবিক চিকিৎসক ডা. মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের প্রতিবাদে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ‎ ‎মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে “সাধারণ জনগণ”-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড আর প্রতিবাদী কণ্ঠে একটাই সুর মিথ্যাচার বন্ধ করো, সত্য প্রতিষ্ঠা করো। ‎ ‎বক্তারা ক্ষোভ ঝেড়ে বলেন, পার্বত্য লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে একটি অনলাইন মাধ্যমে ডা. ইউছুফ আলীর বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই নয়। ‎ ‎তাদের ভাষায়, একজন মানবিক মানুষকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা গল্প বানানো হচ্ছে। এসব মিথ্যা তথ্য প্রচারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ধর্ম কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না এটি ব্যক্তির স্বাধীন বিশ্বাসের বিষয়। অথচ একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ‎ ‎বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বহু ধর্ম ও সংস্কৃতির মিলনভূমি। সেখানে শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশ্ন তোলেন কার স্বার্থে এই মিথ্যাচার? কেন একজন সেবাধর্মী মানুষকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? ‎ ‎মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সংবাদের দ্রুত প্রত্যাহার, মিথ্যা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা। ‎ ‎উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, সাংবাদিক আজিজুর রহমান রাজু, নওমুসলিম ডা. মোঃ আবদুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা রমজান আলী, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ, সভাপতি মোঃ জুবাইর, ঈদগাঁও ব্লাড ব্যাংকের মোঃ তৌহিদ ও সাইম ত্রিপুরা প্রমুখ। ‎