প্রকাশ :: ... | ... | ...

লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ: ৪ দিন পর ঈদগাঁও গজালিয়া খালে মিলল সাজেদুলের মরদেহ


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলাম (১২)-এর মরদেহ চার দিন পর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় উদ্ধার করা হয়েছে। নিহত সাজেদুল রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে সাজেদুল স্থানীয় একটি পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে যায়। এ সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সে ঈদগড়–ঈদগাঁও ফুলেশ্বরী খালে ভেসে নিখোঁজ হয়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে শনিবার (১১ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া চরপাড়া ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস গেটসংলগ্ন ঈদগাঁও খালে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় হেডম্যান খলিলুর রহমান বলেন, “সকালে খাল পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তাদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।” চার দিন পর সন্তানের মরদেহ ফিরে পাওয়ায় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।