| ছবি: মুসলিম উদ্দিন
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের মধুরছড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। শনিবার (১৩ জুন) দুপুরে উখিয়া রেঞ্জের মধুরছড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বনবিভাগের কর্মকর্তা এবং স্টাফদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত সকলে মোনাজাতের মাধ্যমে দেশের বনজ সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য দোয়া করেন। বৃক্ষরোপণ শেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, "মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মহতী উদ্যোগের সাথে মিল রেখে আজ কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের পরপরই আমরা উখিয়া রেঞ্জে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলাম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস্ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, খাদ্য পরিদর্শক নাঈম ভূইয়া, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম এবং উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নানসহ বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।