| ছবি: সংগ্রহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। হামলাকারীরা এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা কাগজ পত্রিকার টেকনাফ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, শুক্রবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হোয়াইক্যং এলাকার বিভিন্ন ঘরবাড়ি ও বসতভিটায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের কাজে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা চালায়। হামলার সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল একজন সংবাদকর্মীর ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরতে গিয়ে সংবাদকর্মীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। সচেতন মহলের মতে, একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। তবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই সত্য প্রকাশের পথ বন্ধ করতে পারবে না। ঘটনার পর বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।