প্রকাশ :: ... | ... | ...

উখিয়ায় কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাইয়ের কব্জা থেকে ৩০ একর বনভূমি উদ্ধার


সংযুক্ত ছবি

কক্সবাজারের উখিয়া বন রেঞ্জের অধীনস্থ মধুরছড়া এলাকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০ একর সরকারি বনভূমি জবরদখল মুক্ত করেছে বন বিভাগ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬খ্রিঃ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনের জায়গায় গড়ে তোলা ৭টি অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনের জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করতে এই সমন্বিত অভিযান চালানো হয়। তাঁর নেতৃত্বে অভিযানে অংশ নেন উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বনকর্মী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা। বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুরছড়া এলাকায় বনের বিশাল একটি অংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন স্থানীয় কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক। তাঁরা সরকারি নির্দেশনা অমান্য করে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণসহ জবরদখল প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। আজকের অভিযানে তাঁদের তৈরি ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, "সরকারি বনভূমি রক্ষায় আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ইব্রাহীম ও ওমর ফারুক অবৈধভাবে এই বিপুল পরিমাণ বনভূমি জবরদখলের সাথে সরাসরি জড়িত। তাঁদের এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" বনভূমি রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ জবরদখল উচ্ছেদে বন বিভাগের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।