| ছবি: কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার আবদুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়, ফয়জুলবারী ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা,দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও যাচাই করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করে দেন। পরিদর্শনকালে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে সন্তোষজনক পরিবেশ পাওয়া গেছে এবং দায়িত্বরত কর্মকর্তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হিসেবে গড়ে উঠুক এবং দেশ গঠনে ভূমিকা রাখুক।” কেন্দ্র পরিদর্শনের সময় জেল প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, শিক্ষার্থীরা জানান তাদের প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের সামঞ্জস্য রয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে।