প্রকাশ :: ... | ... | ...

কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি


সংযুক্ত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠা অসংখ্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম। ফলে উচ্চশিক্ষিত অনেক তরুণ বেকারত্বের বোঝা বহন করছেন, যা সামাজিক ও অর্থনৈতিকভাবে উদ্বেগজনক। কামরুদ্দিন সবুজ বলেন, কর্ণফুলী উপজেলার শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা জরুরি। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।