| ছবি: ওসমান হোসাইন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। উপজেলা সহকারী কমিশনা(ভূমি) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকরা একসঙ্গে বিভিন্ন ধরনের আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কাজ করছে। ভূমিসেবা মেলা সেই উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে। বক্তারা আরও বলেন, ডিজিটাল ভূমিসেবার ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা বাড়বে। সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে মেলায় অংশ নিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান। মেলায় ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে কর রেজিস্ট্রেশন, নামজারি ও ভুল সংশোধনের আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সার্টিফাইড খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে। এতে সেবাগ্রহীতারা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন। মেলায় আসা সেবা গ্রহীতা মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এক জায়গায় এত ধরনের ভূমিসেবা পাওয়ায় সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। বিশেষ করে অনলাইন সেবা ও সরাসরি পরামর্শের সুযোগ মানুষের ভোগান্তি কমাচ্ছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।