| ছবি: সংগ্রহীত
বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটারসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত দিন ও সময়ে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, নতুন ভোটার নিবন্ধনের আবেদন প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। এ ছাড়া প্রবাসী (এনআরবি) ভোটার, দ্বৈত ভোটার, ডিলিটেড ভোটার এবং ম্যাচ ফাউন্ড (Match Found) ভোটারের আবেদন প্রতি সোমবার ও বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রতি সপ্তাহের রোববার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রহণ করা হবে। এ ক্ষেত্রেও আবেদনকারীর স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। অন্যদিকে, আঙুলের ছাপ যাচাই (AFIS) কার্যক্রম প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, নতুন ভোটারের বায়োমেট্রিক তথ্য গ্রহণ এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বায়োমেট্রিক তথ্য হালনাগাদের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার ভূঁইয়া বলেন, “নতুন ভোটার নিবন্ধনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ এবং এনআইডির বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সেবা আবেদনকারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রদান করা হচ্ছে।” তিনি আরও বলেন, “জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীর স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। তাই নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে এসে সেবা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।” এ ছাড়া সেবাসংক্রান্ত বিস্তারিত তথ্য কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসের ওয়েবসাইট https://ec.karnafuli.chittagong.gov.bd/ থেকে জানা যাবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের বাইরে অযথা ভিড় না করা এবং কোনো দালালচক্রের খপ্পরে না পড়ে সরাসরি উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সেবাপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন অফিস।