| ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতরাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না। কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনীতে একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ল-১১-৪৪৭৪) ইউটার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-১২-৯৫১৬) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। জানা গেছে, আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে ১১ জনকে নিয়ে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে যাচ্ছিল। শিকলবাহা চৌমুহনী এলাকায় কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালক মো. মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথ যে এভাবে পরিণত হবে মৃত্যুর মিছিলে, তা কল্পনাও করতে পারেননি নিহত ও আহতদের স্বজনরা। কিছুক্ষণ আগেও যেখানে ছিল হাসি-আনন্দ, রাতের আঁধারে সেই পথেই মুহূর্তের মধ্যে নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের দুই ভাই-বোনসহ চারজন। আনন্দের স্মৃতি মুহূর্তেই পরিণত হয় স্বজন হারানোর বেদনায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।