| ছবি: সংগ্রহীত
খাগড়াছড়িতে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা খাদ্য কর্মকর্তা জ্ঞান প্রিয়বিদর্শী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এ সময় জেলা প্রশাসক ধান বিক্রি করতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নিয়ে বলেন, সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের যেকোনো অভিযোগ বা সমস্যার বিষয়ে সরাসরি প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা করে ধান এবং মিলারদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৮ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। নীতিমালা অনুযায়ী, একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলায় মোট ১ হাজার ৬৬ মেট্রিক টন ধান এবং ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।