| ছবি: সাকিব মামুন
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, শব্দ দূষণ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার মাধ্যমেই এ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব। একটি নীরব, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।