প্রকাশ :: ... | ... | ...

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালীচান করুনা কারবারি পাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীঘিনালা জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচল রুটে ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় ৩ থেকে ৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত ঘর এবং গাছের উপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়। দীঘিনালা জোন অধিনায়ক জানান, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।