| ছবি: সংগ্রহীত
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে বিয়ের দাবি তুলে স্বামীর অধিকার আদায়ে শ্বশুরবাড়িতে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানায়, তিন সন্তানের জননী জুলেখা আক্তার (২৮) এর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এ সময় জুলেখার সঙ্গে কাটিং টিলা এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী শরিফুল ইসলামের (১৯) ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জুলেখার দাবি, তিনি শরিফুলকে বিয়ে করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করেছেন। অন্যদিকে অভিযোগ রয়েছে, জুলেখা তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছেন। সম্প্রতি জুলেখা স্বামীর স্বীকৃতি ও সংসারের অধিকার দাবি করে শরিফুলের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় শরিফুল আরও পাঁচ বছর সময় চান বলে জানা যায়। এক পর্যায়ে শরিফুলের পরিবারের সদস্যরা জুলেখাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর পেয়ে জুলেখার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে বিরোধ মীমাংসা করা হয়। তবে উভয় পক্ষই বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত শরিফুল জানায়, তার সাথে মেয়েটির সম্পর্ক রয়েছে তা সঠিক, কিন্তু সেটি তার ইচ্ছায় করা হয়নি মেয়েটির জোর করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সে কখনোই স্ত্রী হিসেবে জুলেখা কে মেনে নিবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।