খাগড়াছড়িতে পৃথক আয়োজনে পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত সংগঠনগুলো। বুধবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।
জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে মহাজনপাড়া থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর টাউন হলে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও পাহাড়িদের জন্য চাকরিতে ৫ শতাংশ কোটা বহালের দাবি জানান।
অন্যদিকে ইউপিডিএফ-গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে লারমা স্কয়ার থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা। আলোচনা সভায় ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমাসহ নেতারা বক্তব্য রাখেন।