| ছবি: সংগ্রহীত
পাহাড়, সবুজ আর মেঘের শহর খাগড়াছড়ির পর্যটনে যুক্ত হলো নতুন রোমাঞ্চ। এবার প্রকৃতির সৌন্দর্য দেখার পাশাপাশি আকাশপথে ছুটে চলার সুযোগও মিলবে পর্যটকদের। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে চালু হয়েছে দেশের অন্যতম দীর্ঘ জিপ লাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য কিডস জোন। সম্প্রতি এসব বিনোদনমূলক রাইডের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধনকালে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে আধুনিক বিনোদনব্যবস্থা যুক্ত হলে খাগড়াছড়ির পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পর্যটকদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি বিবেচনায় নিয়েই হর্টিকালচার পার্কে নতুন এসব রাইড যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে পার্কটিকে আরও আধুনিক, নান্দনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনের পরপরই জিপ লাইন ও জায়ান্ট সুইংয়ে চড়তে ভিড় করেন দর্শনার্থীরা। পাহাড়ি প্রকৃতির মধ্যে নতুন এই রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকেরা। আয়োজকদের দাবি, হর্টিকালচার পার্কের জিপ লাইনটি দেশের অন্যতম দীর্ঘ। ফলে এটি খাগড়াছড়ির পর্যটন আকর্ষণের তালিকায় নতুন মাত্রা যোগ করবে। প্রকৃতির কাছাকাছি থেকে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য রাইডটি বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, পর্যটকদের কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে জিপ লাইন ও জায়ান্ট সুইং উপভোগের ব্যবস্থা করা হয়েছে। নতুন এসব রাইড খাগড়াছড়ির পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাগড়াছড়ির পাহাড়, ঝরনা, বন ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অ্যাডভেঞ্চারভিত্তিক বিনোদনের সুযোগ যুক্ত হওয়ায় পর্যটকদের আকর্ষণ আরও বাড়তে পারে। বিশেষ করে তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নতুন এই আয়োজন খাগড়াছড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।