বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় ও তৃণমূলকে নতুন করে সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব আব্দুর রব রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন বাবু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি জনাব পারদর্শী বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রব রাজা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী সাংগঠনিক কার্যক্রম মাঠপর্যায়ে আরও বেগবান করতে আমরা বদ্ধপরিকর।” সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিগণ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।