খাগড়াছড়ির মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিনটহরী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ করিম (২৬) ও একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দাম (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের রাঙ্গাপানি এলাকা থেকে মোহাম্মদ করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গাপানি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, সম্প্রতি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করা এবং সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টার অভিযোগে করিমের নিজ এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে সিআর-৫৯০/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।