| ছবি: সংগৃহীত
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির শিক্ষার্থীরা। হাতে লাল কার্ড তুলে মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে তারা। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক আবু তাহের, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রবিউল পাটোয়ারী রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয় ও সদস্য সাদমান তাসিন উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। একই সঙ্গে স্মার্টফোন ও প্রযুক্তির অপব্যবহার থেকেও শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। ভালো বন্ধু নির্বাচন, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার শপথ পাঠ করান। এসময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড তুলে মাদক ও অপরাধকে ‘না’ জানান। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে। খাগড়াছড়ির কর্মসূচিটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪তম আয়োজন।