খাগড়াছড়িতে শিক্ষা, মানবকল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে বিশেষ অবদান রাখা কৃতী ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘স্পৃহা’র আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্পৃহা’র সভাপতি অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং মং সার্কেলের চিফ সাচিংপ্রু চৌধুরী। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনপির নেতাকর্মী, হেডম্যান, কার্বারি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, মানবকল্যাণ, ক্রীড়া উন্নয়ন, সংস্কৃতি বিকাশ, তথ্যপ্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকেরা জানান, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের কাজকে উৎসাহিত করা এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে অন্যদের সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য।