খাগড়াছড়ির দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১৩টি মামলার আসামি মো. আরিফ হোসেনকে (৪০) ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় আরিফ ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর পাবলাখালী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, পরে আরিফের দেহ তল্লাশি করে একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরও ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় একটি মামলা করেছেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. আলা উদ্দিনকে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘আরিফ দীঘিনালায় মাদক সম্রাট নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’