চট্টগ্রামের হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হাটহাজারী প্রিমিয়ার লীগ (সিজন-৬)’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় ফতেপুর আনোয়ার স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফতেপুর ভাইপার্স। রোববার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের এই খেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। খেলার শুরুতেই এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী মুহূর্তে প্রধান অতিথি মীর হেলাল ব্যা হাতে ক্রিজে নামলে বোলার হিসেবে বল হাতে তুলে নেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন। গিয়াস উদ্দীনের করা বলে মীর হেলাল দর্শনীয় এক ছক্কা হাঁকিয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। রাজনীতির মাঠের দুই নেতার খেলার মাঠের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক করতালির জন্ম দেয়। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। হাটহাজারীর এই প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে আমাদের যুবসমাজ ক্রীড়ামুখী।" এই ধারাবাহিতা অব্যাহত রাখতে হাটহাজারীতে মানসম্মত স্টেডিয়াম করার ঘোষণা দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ছাত্রনেতা মনিরুল আলম জনি। বক্তারা এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। চলতি আসরে মোট ২৪টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দীর্ঘ লড়াই শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় ফতেপুর ভাইপার্স ও ফতেপুর আনোয়ার স্পোর্টস। ফাইনালে ফতেপুর আনোয়ার স্পোর্টসকে পরাজিত করে শিরোপা জয় করে নেয় ভাইপার্স। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে হাটহাজারীতে ক্রিকেটের জনপ্রিয়তা। এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।