| ছবি: এম. মনছুর আলম
চকরিয়ায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তির গুরুত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা সমাজ সেবার আয়োজনে ইউএনও শাহীন দেলোয়ার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালের দিকে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহী নেওয়াজ। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং অসহায় পরিবারের জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করছে সরকার। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা শুধু তাদের অধিকারই নয়। এটি তাদের আত্মনির্ভরশীল ভবিষ্যতের পথ তৈরি করে। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের বিদ্যালয়ে আগ্রহ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং পরিবারের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ইউএনও তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের দায়বদ্ধতা। উপবৃত্তি কর্মসূচিকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে সবার সহযোগিতা প্রয়োজন। উপবৃত্তি কার্যক্রম যত গতিশীল হবে, তাদের সামনে তত উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা তাদের মানবিক মর্যাদা রক্ষার অংশ। এ সেমিনারের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সরকারের চলমান উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও কার্যকর ভাবে পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল আউয়াল। সেমিনারে বক্তারা বলেন-প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি এই উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব খুবই ইতিবাচক। এই সেমিনারের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বার্তাটি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে উপবৃত্তি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেয়ার আহ্বান জানান। উক্ত সেমিনারে শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।