প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, শিশুসহ আহত-৪


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহণের বাসের ধাক্কায় মায়াফুল তারজি (২৬) নামে সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী, ২শিশু সন্তান ও সিএনজি চালকসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২২মে) সকাল ১১টার দিকে উপজেলার মালুমঘাট স্টেশনের দক্ষিণে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেযারম্যান হারুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় সিএনজির এক নারী যাত্রী নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি যাত্রী মায়াফুল তারজি মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের এস এম ইয়াছিন আরফাতের স্ত্রী ও মাষ্টার ইদ্রিছ আহমদের পুত্রবধূ। আহতরা হলেন নিহতের স্বামী এস এম ইয়াছিন আরফাত (৩৩), তাঁর শিশু কন্যা ইরতিজা আরফাত আদিবা (৫), ছেলে আরফাত আদিয়াত (৩) ও সিএনজি চালক। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মাষ্টার ইদ্রিছ আহমদের এস এম ইয়াছিন আরফাত তাঁর সহধর্মিণী, দুই শিশু সন্তান নিয়ে শুক্রবার সকালে উখিয়া থেকে সিএনজি যোগে চকরিয়ায় বাসায় ফিরছিল। প্রতিমধ্যে চকরিয়ায় মহাসড়কের মালুমঘাট স্টেশনের অদূরে ফাঁসিয়াখালী বন বিভাগের অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে সিএনজি গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি গাড়িটা সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজি থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি যাত্রী মায়াফুল তারজি নামে এক নারী মৃত্যু বরণ করেন। এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই হানিফ পরিবহণের বাস গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। বাসের চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়কে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় সিএনজি এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত ব্যক্তিরা মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরপরই গাড়িটা নিয়ে বাসচালক ও গাড়ির হেলপার পালিয়ে গেছেন। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।