| ছবি: সংগ্রহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো এডহক কমিটির সভাপতি হলেন তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা। বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র স্বারকের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা অনুসারে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার ১৫ জুন তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটিকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে কমিটির সভাপতি হলেন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত মো: শাহেদুল মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য ছৈয়দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মিজবাহ উদ্দিন ও পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন রাসেল (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হিসেবে মনোনীত হলেন। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এই কমিটিকে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুযায়ী ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, এই এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।