| ছবি: সংগ্রহীত
কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট এলাকায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। এসময় অনুমোদন বিহীন বিভিন্ন পন্য মজুদ রাখা ও মেয়াদোত্তীর্ন পন্য বিক্রি, পন্যের গায়ে লেবেলসহ মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গরবার (২৩ জুন) দুপুরে কক্সবাজার কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চকরিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) সুজন বিকাশ চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হাসান আল মারুফ নেতৃত্বে দুপুরে মালুমঘাটে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে বিক্রির জন্য অনুমোদন বিহীন রোহিঙ্গা ক্যাম্পের বিপুল পরিমান বিভিন্ন পন্য মজুদ রেখে কোম্পানির ট্যাগ লাগিয়ে বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ন পন্য বিক্রি, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় রেজাউল স্টোর নামে এক দোকানদারকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও একই অভিযানে মালুমঘাট মা-মনি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ওষুধ পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্টানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য প্রাথমিক ভাবে সতর্কও করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।