প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় সিমেন্ট বোঝাইকৃত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী নিহত


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার মগবাজার উম্মেহাতুল মোমিন মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলম হামেদীর কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা দক্ষিণ পাড়াস্থ নিজ বাড়ি থেকে তানহা মনি ও ছোট বোনকে নিয়ে টমটম (ইজিবাইক) যোগে তাঁর মা দুই মেয়েকে নিয়ে মগবাজার উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে টমটমটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুই শিশু টমটম থেকে ছিটকে পড়ে যায়। তখনই পেছনের সিমেন্ট বোঝাইকৃত ট্রাকের চাকায় চাপা পড়ে তানহা মনির মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তার ছোট বোনের হাত ভেঙে যায়। তানহা মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়া ঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।