| ছবি: এম. মনছুর আলম
টানা অবিরাম ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার প্রায় চার লাখ মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। এতে সুপেয় পানি নিয়ে চরম ভাবে দুর্ভোগে পড়েন বানবাসি মানুষ। বানের পানিতে ভাসছে পুরো জনপদ। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির উৎস তথা টিউবওয়েল গুলো তলিয়ে গেলে মানুষ দুঃখকষ্টে খাবার জোগাড় করতে পারলেও সুপেয় পানি নিয়ে নিদারুণ সংকটে পড়েছে। এ অবস্থায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বানবাসি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির সু-ব্যবস্থা করেছেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত বন্যাদুর্গত এলাকা ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মো: আল-আমিন বিশ্বাস প্রমুখ। নিরাপদ সুপেয় পানি বিতরণ উপলক্ষে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: আল আমিন বিশ্বাস বলেন, বন্যাদু্র্গত এলাকার কঠিন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে বানবাসি মানুষের বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি। বিষয়টি অনুধাবন করে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর নিরাপদ সুপেয় পানির সংকট উত্তোরণের লক্ষে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত এলাকায় সুপেয় পানি বিতরণের পদক্ষেপ নেয়। তিনি বলেন, শুক্রবার থেকে বানবাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকপর্যায়ে ২০ হাজার লিটার পানি দেওয়া হবে। দেশের এই কঠিন দূর্যোগময় পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে বিতরণ কার্যক্রম আরো বাড়ানো হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।