চট্টগ্রামের খুলশীর ডেবারপার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত থেকে শুরু হওয়া উত্তেজনার রেশ ধরে সোমবার ভোরে গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সোমবার ভোর ৪টার দিকে এলাকার নিরিবিলি পরিবেশে আচমকা দু–তিন দফা গুলির শব্দ শোনা যায়। গুলির তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। অনেকে ভয়ে ঘর থেকে বের না হলেও মোবাইল ফোনে ধারণ করেন সংঘর্ষের চিত্র। ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার পাশের ফাঁকা মাঠসংলগ্ন এলাকায় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র হাতে দুই পক্ষ একে অপরকে ধাওয়া করছে। এ সময় গোলাগুলির শব্দও স্পষ্ট শোনা গেছে। স্থানীয়রা জানান, ডেবারপারের ওই জায়গাটির মালিকানা দাবি করে আসছিল দুটি পক্ষ। বেশ কয়েক দিন ধরেই এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছিল। সেই বিরোধের জের ধরেই সোমবার ভোরে পরিস্থিতি সহিংস রূপ নেয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের কয়েক ডজন লোক দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয় এবং দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। জনমনে আতঙ্ক ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং শিশু-কিশোরদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ শুরু হওয়ার অনেকক্ষণ পর্যন্ত পুলিশের দেখা মেলেনি, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। তবে সকাল ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় পৌঁছালে পরিস্থিতি শান্ত হতে শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গোলাগুলির খবর পাওয়ার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের দ্রুত ও কঠোর আইনি হস্তক্ষেপ দাবি করেছেন।