চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে অপহরণের মাত্র ৬ ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত মূল দুই পরিকল্পনাকারীকে গ্রেপ্তার এবং এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।- গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার জনারকেউ চিয়ার এলাকার মো. মোজাম্মেল হোসেন (৪১) এবং তার স্ত্রী দিলো আরা বেগম (৪০)। এ ছাড়া হেফাজতে নেওয়া কিশোর আমির হোসেন (১৫) লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এসআরবি জানায়, অপহৃত শিশু সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদূরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। পরিবারটি বর্তমানে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে ভাড়া বাসায় থাকে। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে কাপ্তাই রাস্তার মাথার বসতঘর থেকে শিশুটিকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় কিশোর আমির হোসেন। আটক আমির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার মামা মোজাম্মেল ও মামি দিলো আরা বেগমের সঙ্গে চুক্তি অনুযায়ী টাকার বিনিময়ে সে শিশুটিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অপহরণ করে। ঘটনার পরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে এসআরবি। ওই দিন বিকেল ৩টার দিকে নগরীর লালখান বাজার এলাকা থেকে কিশোর আমির হোসেনকে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয় এবং তার কাছ থেকে শিশু সাবিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দিলো আরা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া (৩৫) চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকার সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর আকবরশাহ ফয়’স লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগারের পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া চট্টগ্রামে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২ টায় নগরীর আকবর শাহ ফয়েজ লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।