| ছবি: সংগৃহীত
অনুমোদিত নকশা ও পার্কিং ব্যবস্থা যাচাইয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টিমূলক অভিযান চালায় সিডিএ। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিনি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা যাচাইয়ের পাশাপাশি আবাসিক ভবনে হাসপাতাল নির্মান সহ নানা অনিয়ম দেখতে পান। সিডিএ চেয়ারম্যান হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং এসব সমস্যা দূরীকরণে নির্দিষ্ট সময়সীমা বেধে দেন। এরপরও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পার্কিং ব্যবস্থা নিশ্চিতসহ যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম খুঁজে পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ ) অভিযানে ল্যানসেট হাসপাতাল: পরিদর্শনে দেখা যায়, আবাসিক ভবনে হাসপাতাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই এবং পার্কিংয়ের নির্ধারিত স্থানে দোকান পরিচালিত হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থারও ঘাটতি পরিলক্ষিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যমান ভবনে হাসপাতাল পরিচালনার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রিটমেন্ট হাসপাতাল: পরিদর্শনে পার্কিংয়ের স্থানে সিলিন্ডার রাখা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শেভরন হাসপাতাল: হাসপাতালের বেসমেন্টে পার্কিং ব্যবস্থা থাকলেও নিচতলায় নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্থানে পর্যাপ্ত পার্কিং পাওয়া যায়নি। নিচতলায় অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের যানবাহন যাতে পার্কিং এলাকায় সহজে প্রবেশ করতে পারে এবং হাসপাতালের পার্কিং ব্যবহারে রোগীদের আরও উৎসাহিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বেলভিউ হাসপাতাল: হাসপাতালটির কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। বিদ্যমান পার্কিং ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে। তবে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানে পার্কিং পাওয়া যায়নি। নির্ধারিত স্থানে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব সুপারমার্কেট: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল: পার্কিং ব্যবস্থাপনা নেই।প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।অনুমোদিত নকশা নিয়ে কর্তৃপক্ষকে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । ট্রিটমেন্ট হাসপাতালে অভিযানের ব্যাপারে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, সিডিএ’র নকশা বহির্ভূত অবকাঠামো, নকশা পরিবর্তন করে ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা, আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রামকে যানজটমুক্ত করার লক্ষ্যে ভবনের নকশায় পার্কিং লটের অনুমোদন দেয়া হয়েছে। অথচ তারা তা না মেনে পার্কিং লটকে অন্য কাজে ব্যবহার করছে। সিডিএ’র চেয়ারম্যান আরও বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। যেসকল প্রতিষ্ঠান অনিয়মতান্ত্রিক ভাবে হাসপাতাল পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। কোনো বিশেষ হাসপাতালকে বাদ দেয়ার সুযোগ নেই। ট্রিটমেন্ট হাসপাতালে অনিয়ম খুঁজে পাওয়া গেছে, তাদেকে একমাস সময় বেঁধে দেয়া হয়েছে। এই একমাসের ভিতরে তাদেরকে হাসপাতাল অন্যত্র স্থানান্তর করতে হবে। তাছাড়া তাদেরকে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে ড্রয়িং ডিজাইন নিয়ে আমাদের সাথে দেখা করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি আবাসিক ভবনে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। তাদের কোনো নিজস্ব পার্কিং ব্যবস্থাও নেই। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে আগামী একমাসের মধ্যে অন্যত্র চলে যাওয়ার। অভিযানের সময় শেভরণ হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, আল হিদায়াহ মাদ্রাসাসহ ব্লসম অপটিকসহ পাঁচলাইশ এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় সিডিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট হাসপাতাল,স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।