চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের ওপর হামলা ও পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে কোতোয়ালী থানায় ২ নভেম্বর সোমবার মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় জসিম উদ্দিন প্রকাশ আরমান, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, মোহাম্মদ দিদারুল আলম প্রকাশ কালু দিদার ও আবু সাহেব আবিদকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোলাম রসুল মার্কেটের বিপরীত পাশে তিন পুলের মাথায় এ ঘটনা ঘটে। অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে আসামিরা জাকিরের পথরোধ করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর গলা চেপে ধরে হত্যাচেষ্টা করা হয় এবং সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অফিসার ইনচার্জ জাহেদুল কবির বলেন,আসামিদের আটকের চেষ্টা চলছে। সন্ত্রাসী যে-ই হোক কোন ছাড় নেই।আসামিদের দ্রুত আটকের জন্য প্রযুক্তিগত ও আসামিদের সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।বিশেষ করে সিএমপি পুলিশ কমিশনার স্যার এ বিষয়ে খুবই কঠোর রয়েছে।