প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করে সন্ত্রাসবিরোধী মহড়া


সংযুক্ত ছবি

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলা, নাশকতা ও যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি পরীক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা আইএসপিএস (ISPS) কোডের আওতায় একটি লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বন্দরের অভ্যন্তরে দিনব্যাপী এ মহড়ায় অবৈধ অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, বোমা হামলার আশঙ্কা, অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের প্রবেশ এবং সংঘবদ্ধ অনুপ্রবেশকারীদের আটক করার মতো একাধিক বাস্তবধর্মী পরিস্থিতি তৈরি করা হয়। মহড়ার শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি চারজন অনুপ্রবেশকারী কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপন করেছে—এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশির মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো ও অগ্নিনির্বাপণ দল এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে চার অনুপ্রবেশকারীকে শনাক্ত ও আটক করার কার্যক্রম প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ায় আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টিও মহড়ায় তুলে ধরা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশক্রমে আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন)কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ । এতে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিরাপত্তা স্তর পরিবর্তন, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করা হয়। বিশেষ করে বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি দেখা দিলে একাধিক সংস্থা কীভাবে একই নির্দেশনা ও পরিকল্পনার আওতায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে, তা এ মহড়ার মাধ্যমে পরীক্ষা করা হয়। মহড়ার সব কার্যক্রম শেষ হওয়ার পর বন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয়। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ থেকে পুনরায় স্তর-২ এবং পরবর্তী সময়ে স্তর-১ কার্যকর করার মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার প্রক্রিয়া প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত নিরাপত্তা জোরদার করাই যথেষ্ট নয়; বরং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দক্ষ জনবল, আধুনিক নজরদারি প্রযুক্তি এবং বিভিন্ন বাহিনী ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। নিয়মিত এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া পরিচালনার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা ও প্রস্তুতি আরও বাড়ানো সম্ভব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ISPS Code-এর নির্দেশনা অনুসরণ করে বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টা এবং সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের নিরাপদ ও নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।