প্রকাশ :: ... | ... | ...

দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার 


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুই শিশুর পেটে ইয়াবা ঢুকিয়ে পাচারের অভিযোগে শারমিন আকতার ওরফে ইসমত আরা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম । এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে শিশু দুটির পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য জানান, র‍্যাব-৭ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মো.তাওহিদুল ইসলাম। র‍্যাব-৭ জানায়, গত শনিবার রাতে আনোয়ারার তৈলার দ্বীপ সেতু সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শারমিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিশু দুটির পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ৬ সেপ্টেম্বর রাতে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত হয়। চিকিৎসার একপর্যায়ে ৬ থেকে ৭ সেপ্টেম্বর মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ছিল। জিজ্ঞাসাবাদে শারমিন জানান, তিনি উখিয়া থেকে ইয়াবা কিনে শিশু দুটিকে কৌশলে খাইয়ে চট্টগ্রামে নিয়ে আসছিলেন। এর আগেও একই কৌশলে শিশু দুটির পেটে করে আরও দুইবার উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি। গ্রেফতারকৃত অভিযুক্ত, উদ্ধারকৃত শিশুদ্বয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।