একটি বন্যা শুধু ফসল বা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় না, কেড়ে নেয় মানুষের নিরাপত্তাবোধ, স্বপ্ন আর আগামী দিনের নিশ্চয়তাও। পানি নেমে যাওয়ার পরও অসংখ্য পরিবারকে দিনের পর দিন কাটাতে হয় ভাঙাচোরা ঘরের নিচে কিংবা খোলা আকাশের তলায়। সেই কঠিন বাস্তবতায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে লোহাগাড়া সমিতি চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে লোহাগাড়া উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে ঘর পুনর্নির্মাণের সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। অনেক উপকারভোগীর চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কেউ হারিয়েছেন টিনের ছাউনি, কারও পুরো ঘরই বিধ্বস্ত। নতুন টিন হাতে পেয়ে তাদের অনেকেই বলেন, এই সহায়তা শুধু ঘর নির্মাণের উপকরণ নয়, বরং নতুন করে বেঁচে থাকার সাহস। ত্রাণ কমিটির আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইউনুচ-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু-র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো দয়া নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। একটি পরিবারকে নিরাপদ আশ্রয় ফিরিয়ে দিতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” প্রধান বক্তা লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিদওয়ানুল করিম বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহাগাড়া সমিতি চট্টগ্রামের এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন শুধু খাদ্য বা নগদ সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়; ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই উপলব্ধি থেকেই সংগঠনটি ঘর নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন বিতরণের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, প্রফেসর শফিক উদ্দিন, নূর মোহাম্মদ শহীদুল্লাহ, মো. সালাউদ্দিন চৌধুরী (সোহেল), সাহাব উদ্দিন, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, মো. আনোয়ার হোসেন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার, মোহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ সোলাইমান কাসেমী, মোহাম্মদ সরওয়ার আলম, অ্যাডভোকেট মো. এরফানুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ নূর, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ শাহাব উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষত একদিনে মুছে যায় না। তবে সংকটের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ালে দুর্ভোগ অনেকটাই লাঘব হয়। লোহাগাড়া সমিতি চট্টগ্রামের এই উদ্যোগ সেই মানবিক দায়বদ্ধতারই একটি উজ্জ্বল উদাহরণ। একটি ঢেউটিন হয়তো সব ক্ষতি পূরণ করতে পারে না, কিন্তু একটি পরিবারের মাথার ওপর নিরাপদ ছাদ গড়ে তোলার স্বপ্নকে আবারও বাঁচিয়ে রাখতে পারে।