প্রকাশ :: ... | ... | ...

কর্ণফুলী চ্যানেলে অবৈধ গুদামজাতকরণ, ৩ লাইটার জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা


সংযুক্ত ছবি

চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেল কর্ণফুলী নদীতে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পরিচালিত এ অভিযানে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি লাইটার জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে কর্ণফুলী চ্যানেলে অবস্থানরত মোট চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন বিধি লঙ্ঘনের বিষয় শনাক্ত হলে তিনটি জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন অভিযানে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে চট্টগ্রাম বন্দরের প্রধান নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চ্যানেলে অননুমোদিতভাবে জাহাজ অবস্থান এবং লাইটার জাহাজে অবৈধ পণ্য গুদামজাতকরণ নৌ-চলাচলের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের শৃঙ্খলা বজায় রাখতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নৌযানচালক, মাঝি ও মাল্লাদের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ, চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নৌ-চলাচলের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেলের নিরাপত্তা, নৌ-চলাচলের শৃঙ্খলা এবং দেশের সামুদ্রিক বাণিজ্যের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।