চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এনএসআই-এর সহায়তায় আয়োজিত এ অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করার দায়ে ‘মেসার্স হাসনাত কর্পোরেশন’-এর মালিক ও বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে (৬৫) হাতেনাতে ধরা হয়। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলিউজ্জামানের ছেলে।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় উক্ত ডিলারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার বাজারে কৃত্রিম সংকট কিংবা অবৈধ মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।