প্রকাশ :: ... | ... | ...

চন্দনাইশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​আজ সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ​জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এনএসআই-এর সহায়তায় আয়োজিত এ অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ​অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করার দায়ে ‘মেসার্স হাসনাত কর্পোরেশন’-এর মালিক ও বিসিআইসি সার ডিলার মোঃ আবু ইউসুফকে (৬৫) হাতেনাতে ধরা হয়। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলিউজ্জামানের ছেলে। ​পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় উক্ত ডিলারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার বাজারে কৃত্রিম সংকট কিংবা অবৈধ মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।