বরাদ্দকৃত অর্থের দৃশ্যমান কাজ দেখবেন:চসিক মেয়র নিজস্ব প্রতিবেদক নগরের জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কারের জন্য ২০ কোটি এবং খাল উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।বরাদ্দকৃত অর্থে দৃশ্যমান কাজ দেখতে পাবেন দ্রুত। দ্রুত এসব কাজ বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি নতুন উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) জন্য গুরুত্বপূর্ণ সড়কের তালিকা জমা দিতে নেতাদের আহ্বান জানান মেয়র। শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আগামী ৫৫ দিনের মধ্যে এসব কাজ দৃশ্যমান করতে হবে বলেও তিনি নির্দেশ দেন।সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্যে উপরোক্ত কথাটি উঠে আসে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, বর্ষা সামনে রেখে এখনই নালা-নর্দমা পরিষ্কার রাখা, খোলা ম্যানহোল চিহ্নিত করা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। এজন্য ওয়ার্ডভিত্তিক নেতাদের চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। এগুলো হলো- নালা ও নর্দমা পরিষ্কার রাখা, ভাঙা বা অনুপস্থিত স্লাব চিহ্নিত করে তালিকা তৈরি, খোলা ম্যানহোলের ঢাকনা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী ডাস্টবিন স্থাপন। শাহাদাত হোসেন বলেন, অতীতে ম্যানহোলের ঢাকনা না থাকায় নানা দুর্ঘটনা ঘটেছে। তাই প্রতিটি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে দ্রুত সিটি করপোরেশনকে জানাতে হবে।